ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
থামল রিয়ালের জয়যাত্রা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম
X

লা লিগায় টানা নয় ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষ স্থানে উঠেছিল তারা। জিরোনার কাছে বার্সেলোনা হেরে যাওয়ায় এক নম্বর আসন সুসংহত করেছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু এক ম্যাচ পরই তা ঝুঁকির মুখে পড়ে গেল। 

এস্তাদিও এল সাদারে নাটকীয় ম্যাচে ওসাসুনা লা লিগার শীর্ষ দলকে হারাল ২-১ গোলে। প্রথমার্ধের শেষ দিকে আন্তে বুদিমির পেনাল্টি স্পট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে রাখেন দেন। কঠিন একটি সপ্তাহ পার করা ভিনিসিয়ুস জুনিয়র দ্বিতীয়ার্ধে সমতা ফেরান। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের বক্সের বাঁ দিক থেকে গার্সিয়া দারুণ শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করলে জয় পায় ওসাসুনা। তবে নাটক তৈরি হয়েছিল এই গোলকে ঘিরে।

ব্যবধান পাঁচ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু হেরে যাওয়ায় আগের মতোই ব্যবধান দুই পয়েন্ট থাকল। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদ ক্লাব। রোববার লেভান্তেকে হারাতে পারলে ১ নম্বরে ফিরে যাবে বার্সেলোনা (৫৮)।

গত মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে ভিনিসিয়ুস বর্ণবাদী মন্তব্যের শিকার হন। এনিয়ে চলছে বিতর্ক। সেই রেশ নিয়ে শনিবার মাঠে নামে রিয়াল। পাম্পলোনায় শুরুতে চাপে ছিল তারা। রিয়ালের বক্সের প্রান্ত থেকে বুদিমিরের বাঁকানো শট পোস্ট ঘেষে বেরিয়ে যায়।

অতিথি গোলকিপার কোর্তোয়া পরে দুর্দান্ত এক সেভ করেন। রুবেন গার্সিয়ার ক্রসে ডিফেন্ডার আলভারো কারেরাসের জোরালো শট রুখে দেন রিয়াল কিপার। বুদিমিরের আরেকটি হেডও থামিয়ে দেন বেলজিয়ান তারকা।

রিয়ালের আক্রমণ দেখা যায় ৩২তম মিনিটে। ভিনিসিয়ুসের নিচু শট পেছনে পাঠান সার্জিও হেরেরা। ওই কর্নার থেকে দাভিদ আলাভার প্রচেষ্টা ব্লক করে স্বাগতিকরা।

৩৯ মিনিটে বুদিমিরকে ফাউল করেন কোর্তোয়া। ভিএআর রিভিউয়ে পেনাল্টি পেয়ে গোল করে ওসাসুনা। স্পট কিক থেকে নিজেই গোল করার দায়িত্ব নেন বুদিমির এবং রিয়ালের বিপক্ষে গোলের রেকর্ড ধরে রাখেন।

প্রথমার্ধের স্টপেজ টাইমে রিয়াল সমতা প্রায় ফিরিয়েছিল। অরেলিয়েন শুয়োমেনির লাফানো শট হেরেরা কোনোমতে রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গুলার ক্রসবারের ওপর দিয়ে শট নেন। ৭০ মিনিটের পর অতিথিরা বল জালে জড়ায়। কিলিয়ান এমবাপে বক্সের বাঁ প্রান্ত থেকে লক্ষ্যভেদ করেন। কিন্তু তার প্রচেষ্টা অফসাইডে বাতিল হয়। তিন মিনিট পর রিয়াল এগিয়ে যায়।

ফেদেরিকো ভালভার্দে বাঁ দিক দিয়ে ঢুকে ছয় গজ বক্সে কাটব্যাক করে বল পাঠান। ভিনিসিয়ুস সময়মতো পৌঁছে হেরেরাকে পরাস্ত করেন।

খেলা শেষ হয় নাটকীয় ভাবে। গার্সিয়ার গোলে ওসাসুনার জয় উৎসব অফসাইড ফ্ল্যাগে কয়েক সেকেন্ড পরই নিস্তব্ধতায় রূপ নেয়। তবে ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টালে স্মরণীয় জয়ের আনন্দে মাতে ওসাসুনা।

এমএ


আরও সংবাদ   বিষয়:  রিয়াল  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝