আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলায় মোট ২১৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১২১টি এবং জেলার আটটি উপজেলায় ৯৫টি ভোটকেন্দ্র রয়েছে।
রংপুর জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জে ৭টি, বদরগঞ্জে ৮টি, মিঠাপুকুরে ৯টি, পীরগঞ্জে সর্বাধিক ২৯টি, পীরগাছায় ১১টি এবং কাউনিয়ায় ১২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোতোয়ালি থানা এলাকায় ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট থানা এলাকায় ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ থানা এলাকায় ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম থানা এলাকায় ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানা এলাকায় ২৩টির মধ্যে ১৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ভোটকেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে।
পুলিশ সূত্র জানায়, ভোটার সংখ্যা বেশি হওয়া, অতীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের বাড়ির সংলগ্ন অবস্থান, দুর্গম ও জনবহুল এলাকা—এসব বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি, রংপুর-২ আসনে ১৩৭টি, রংপুর-৩ আসনে ১৬৯টি, রংপুর-৪ আসনে ১৬৩টি, রংপুর-৫ আসনে ১৫২টি এবং রংপুর-৬ আসনে ১১৩টিসহ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩টি।
ভোটার পরিসংখ্যান অনুযায়ী, রংপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন, রংপুর-২ আসনে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন, রংপুর-৩ আসনে ৫ লাখ ৮ হাজার ২২৪ জন, রংপুর-৪ আসনে ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন, রংপুর-৫ আসনে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন এবং রংপুর-৬ আসনে ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। সব মিলিয়ে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন।
এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩১ জন।
এলওয়াই/এসআর