বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র কয়েকদিন বাকি। তাই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। কে এগিয়ে, কে পিছিয়ে—শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে বিজয়, এসব নিয়েই সরগরম বরগুনা সদর, আমতলী ও তালতলীর প্রত্যন্ত এলাকা।
চারজন প্রার্থী মাঠে থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে নৌকা প্রতীকবিহীন নির্বাচনে এবার আওয়ামী লীগ সমর্থকদের ভোট যেদিকে গড়াবে, তিনিই বিজয়ী হবেন বলে মনে করছেন স্থানীয়রা।
বিগত সংসদ নির্বাচনগুলোতে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জয়লাভ করতে পারেনি। এমনকি এক-দুবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অন্যান্য দল। ফলে রাজনৈতিকভাবে এই আসনকে বরাবরই একপেশে হিসেবেই দেখা হয়। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী বাস্তবতা। মাঠে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন আওয়ামী লীগের বিপুল ভোটব্যাংক নিজেদের দিকে টানার কৌশলেই এগোচ্ছেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, ১০-দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী জামাল হোসাইন।
চারজন প্রার্থী মাঠে থাকলেও স্থানীয় পর্যায়ে আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহর নাম। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজারে শোনা যাচ্ছে—মূল লড়াই এই দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেই ক্ষেত্রে বিএনপি এবার বিগত দিনের ধারাবাহিকতা ভেঙে আসনটি নিজেদের দখলে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটির বিভিন্ন নেতাকর্মী গ্রাম থেকে শহর পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘এই আসনে আওয়ামী লীগের ভোট যদি একদিকে যায়, তাহলে ফলাফল পরিষ্কার হবে। আর যদি ভোট বিভক্ত হয় বা ভোটাররা কেন্দ্রে না যান, তাহলে কম ভোটেই জয় নির্ধারিত হতে পারে।’
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বরগুনা-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, ‘ভোটাররা এখন সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। আমরা দলীয় ভোটের পাশাপাশি সেই সব ভোটারের সমর্থন চাই, যারা দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আগ্রহী।’
বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এসকে/আরএন