নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বগা বন্দরে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের একটি একাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর হ্যাকাররা এই কাজ করেছে বলে জামায়াত একটি বিবৃতি দেয়।
আগামী ৬ ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে জনসভায় ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে জামায়াত আমীরের। নারীদের প্রতি কটুক্তির প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলার বগা বন্দরে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসীম উদ্দিন বলেন, “অনেক সাধারণ নারী ঝাড়ু নিয়ে মিছিল করেন। তারা জামায়াত আমীরের বিচার দাবি করছেন।”
এসএ/আরএন