ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে: আসিফ মাহমুদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ১০:০৪ পিএম
X

বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে ১১ দলীয় জোট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, “মাঠপর্যায় থেকে শুরু করে সব জায়গায় দলগুলোর মধ্যে একটি কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। যদি এমন কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা হয়, যেখানে আগেই বোঝা যাবে কে প্রধানমন্ত্রী হবেন বা কোন দল নির্বাচিত হবে—তাহলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”

রোববার (১লা ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে এনসিপির এই মুখপাত্র বলেন, “অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে দেখেছি, বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি একটি ঘটনায় জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে ১১ দলীয় জোট এখন পর্যন্ত ধৈর্য সহকারে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।”

নির্বাচনে কোনো বাধার মুখে পড়ছেন কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে এর আগেও প্রশ্ন তোলা হয়েছে। 

তিনি বলেন, “নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ আমরা আগেও করেছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই দেখা যাচ্ছে যে মাঠপর্যায়ে নির্বাচন কমিশন ও সরকারের নিয়ন্ত্রণ আদর্শ অবস্থায় নেই।”

গণভোটে আওয়ামী লীগের প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এতে কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এই গণভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত যত সার্ভে এসেছে, তাতে দেখা যাচ্ছে ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে আছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে বিপুল ম্যান্ডেট তৈরি হচ্ছে, তা সংস্কার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ‘এনসিপি, জামায়াত ও সরকার একই অবস্থানে রয়েছে’—এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, “দিল্লির কোনো পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়। যারা দিল্লির সঙ্গে আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব দিই না।”

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলওয়াই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝