মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করায় প্রার্থীর ভাইসহ ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং দুইটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন; মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া এবং রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত। বহিষ্কৃত নেতা আব্দুল মতিন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই। এছাড়াও মহাকালি ইউনিয়ন ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কার আদেশে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মহাকালি ইউনিয়ন ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
এমএইচ/আরএন