গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়জুড়ে আতংকের সৃষ্টি হয়। সোমবার রাত পৌণে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাতে দুটি মোটরসাইকেলে চার জন দূর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এরপরেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে
ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয়জুড়ে আতংকের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করে ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্তকরণসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ/এমএ