বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না।
সোমবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে মানুষের ঢল নামে। কড়া রোদ উপেক্ষা করে মানুষ মাঠে ও আশপাশের ভবনের ছাদেও অবস্থান নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তাঁর সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি; শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। দেশে যারা রয়ে গেছেন—আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন—তাঁরা রাজনীতি করতেই পারেন। এটি তাঁদের ব্যক্তিগত স্বাধীনতা।
‘ধর্মের উছিলায় একটি দল ভোট চায়’ মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’
তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসইউ/আরএন