চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শোনার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা রয়েছে। এটি কাটাতে একটি কাজ করতে হবে—তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়, অথচ সেই পানি কোথাও যেতে হবে। তাই খাল খনন প্রয়োজন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমাদের বড় সুবিধা হলো আমাদের যুবশক্তি অনেক বেশি, যা আগামী ১৫–২০ বছর অব্যাহত থাকবে। এই ওয়ার্কফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই, তা আমরা বলব।
তিনি আরও বলেন, চাইলে অনেক খারাপ দিক নিয়ে কথা বলা যায়, কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন, তারা কীভাবে দেশ পরিচালনা করবেন—তা আমরা শুনতে চাই।
দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী প্রচার যাত্রা শুরুর আগেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।
আরএন