ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী হলেও দুর্নীতি করলে বিচার হবে-জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম
X

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন এবং এ দাবিতে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাদের সরিয়ে নিতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। তবে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবেন না।

আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারব না। জাতিকে কথা দিয়েছি, গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব। এ অবস্থান থেকে একচুলও সরব না, বলেন তিনি।

তিনি দাবি করেন, বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় গণভোটের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।

তিস্তা ইস্যুতে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা নিয়ে আন্দোলন হলেও বর্তমান বাজেটে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

তার ভাষায়, কথার ফুলঝুরি নয়, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। বর্তমান সরকার ব্যর্থ হলে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১১ দলীয় সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।

সীমান্তে উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সরকার নীরব রয়েছে।

তিনি বলেন, সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও প্রতিরোধে ভূমিকা রাখছেন। সরকারের উচিত জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া।

রংপুরকে কৃষিভিত্তিক অঞ্চলে পরিণত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, শুধু ঘোষণা দিয়ে কৃষির রাজধানী গড়া সম্ভব নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা।

তিনি অভিযোগ করেন, আলু সংরক্ষণের জন্য হিমাগারে কৃষকদের প্রতি বস্তায় ৬০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ মানুষের কষ্ট বোঝেন না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ১১ দল সরকার গঠন করতে পারলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রধানমন্ত্রী হলেও কেউ দুর্নীতি করলে তাকে বিচারের মুখোমুখি করা হবে, বলেন জামায়াতের আমির।

দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড বা এক মুঠো মাটির ওপরও অন্য কারও কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানান।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝