জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টুকু বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। রাজনৈতিক কারণে বিভিন্ন বক্তব্য আসতে পারে, তবে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান শুরু থেকেই স্পষ্ট।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে। জাতীয় স্বার্থের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
এর আগে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এ কেন্দ্র চালু করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
-টিএস