ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ৭
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম
X

মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে একটি মিছিল গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল অতিক্রম করে সোনালী মার্কেট এলাকায় পৌঁছালে ২০–২৫ জন ব্যক্তি লাঠিসোঁটা হাতে অতর্কিতভাবে মিছিলে হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু (৪০) ও জয়নাল (৩৮)। আহতরা স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, মিছিল চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে ৭ থেকে ৮ জন সমর্থক আহত হন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক হুমায়ুন খান বলেন, “এই হামলা ন্যাক্কারজনক। একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে আমাদের শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর অধিকার রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, “আমার সাত-আটজন কর্মী আহত হওয়ার খবর পেয়েছি। প্রতিপক্ষ আমার বাড়তে থাকা জনসমর্থন বুঝতে পেরে এ ধরনের আচরণ করছে। আমি এই হামলার নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের শাস্তি দাবি করছি।”

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, “আমি ঘটনার সময় মুন্সিগঞ্জ শহরে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা ভুল করেছে। এর দায় আমি বা আমার দল নেবে না।”

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝