ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিসকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. নজরুল ইসলাম (৪৪) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া গ্রামের মোঃ মফিজউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী অফিসসংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ধোবাউড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মো. নজরুল ইসলাম হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে মিছিলটি ধোবাউড়া থানায় গেলে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, খুনি যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করছি।
তিনি আরও জানান, নিহতের মরদেহ শনিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরএন