গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
নিহত শিশু মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল। সে জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া–কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি কোটালীপাড়ার মাছবাড়ি এলাকা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল এবং ইজিবাইকটি টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ার দিকে আসছিল। জোয়ারিয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সাতজন যাত্রী আহত হন।
আহতদের টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএইচ/আরএন