বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ–সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। বিশ্বের সব দেশের সঙ্গেই আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতদিন দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হবে, ততদিন দেশভিত্তিক কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হবে না। সামগ্রিকভাবে সরকার উদার বাণিজ্য নীতিতেই অটল রয়েছে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন দিনের যেসব ঘটনা এগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে, গত মে মাসে, বাংলাদেশের থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে তার ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের কাউন্টার মেজারস নেয়নি।
এ সময় ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, সেটি আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য করা হয়েছে। অন্য একটি দেশকে ক্ষতি করার জন্য কিছু করা হয়নি।
আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া, আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো করা হয়নি।
এসআর