ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:৪৮ পিএম
X

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রী পরিবহন করতে চায় তারা।

সবশেষ ২০২৬ সালের হজে জনপ্রতি বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমানভাড়ায় ব্যয় হয়।

২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে নিজেদের অনুকূলে সিদ্ধান্ত চেয়ে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজের বিমানভাড়া কমানোর বিষয়ে দরকষাকষির আলোচনায় এটি একটি ইতিবাচক দিক (প্লাস পয়েন্ট) হিসেবে কাজ করবে। বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ধর্ম সচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্প ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইন্স প্রতিবছর হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আমরা সব সময়ই হজের বিমানভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।’

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ হজসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজ আমাদের সভা আছে। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থাকবে, সংশ্লিষ্ট অংশীজনেরা থাকবেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠির বিষয়টিও আমরা সভায় আলোচনা করব।’

ধর্ম সচিব আরও বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স বলেছে, আপনারা আমাদের অনুমতি দিলে আমরা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসব। আমরাও চাই মানুষ যাতে কম খরচে হজে যেতে পারেন। এটি দরকষাকষির ক্ষেত্রে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। হজের বিমানভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।’



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝