রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া তিন কর্মকর্তা হলেন—অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান।
উপ-সচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি দিয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট চুক্তিপত্র ও প্রচলিত আইন অনুযায়ী তিন কর্মকর্তার নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।