আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের অংশ হিসেবে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল শিক্ষাসামগ্রী বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির আওতায় ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ৪০টি ব্রেইল বই তুলে দেওয়া হয়। শিক্ষা ও আর্থিক সচেতনতার প্রসারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। অনুষ্ঠানে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
এম এম মাহবুব হাসান বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। প্রাইম ব্যাংক আর্থিক সেবা, আর্থিক সাক্ষরতা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’
মো. সাইদুল হক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রাইম ব্যাংকের চলমান সামাজিক উদ্যোগের অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
-টিএস/বিজ্ঞপ্তি