ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুই দিন ধরে যমুনায় সার উৎপাদন বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম
X

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন দুই দিন ধরে বন্ধ রয়েছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ জানুয়ারি রাতে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

গত ২০২৩ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের কারণে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংকটে ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। পরের দিন, ১৪ ফেব্রুয়ারি চুল্লিতে গ্যাস সংযোগ বা ফায়ারিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কারখানা চালু করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল থেকে সার উৎপাদন শুরু হলেও মাত্র চার দিনের মাথায় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই যমুনা সার কারখানা পুরোপুরি বন্ধ থাকে।

দীর্ঘ ২৩ মাস পর, গত বছরের ২৪ নভেম্বর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় সার উৎপাদনের প্রস্তুতি নেয় কারখানা কর্তৃপক্ষ। প্রয়োজনীয় যান্ত্রিক ও কারিগরি ত্রুটি সমাধান করে দুই সপ্তাহ পর পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করার কথা ছিল। তবে সকল প্রস্তুতি শেষ করে গত বছরের ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২–৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ ছিল ৯–১০ পিএসআই। এতে উৎপাদন কমে আসে মাত্র ৪৫ শতাংশে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতাসম্পন্ন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী যমুনা সার কারখানা স্থাপন করা হয়। গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়ার পর, ২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন।

এদিকে, গত বছর ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় প্রায় আড়াই হাজার সার ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ করা হয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকটের শঙ্কা দেখা দিতে পারে।

এ ব্যাপারে কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, “যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ করে অতি দ্রুত উৎপাদন চালু করা যাবে।”

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝