ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
X

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, এ অবস্থান আইসিসিকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি না—এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আয়োজক দেশ হিসেবে আরেকটি বিকল্প রয়েছে—শ্রীলঙ্কা। আমরা সেখানে খেলতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “এই অবস্থানে—অর্থাৎ ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে—আমরা অনড়। আমরা কেন অনড়, সেটি আইসিসিকে বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে কষ্ট করে অর্জন করা এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেবে বলে বিশ্বাস করি।”

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। জবাবে বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝