সুন্দরবনে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে ঢাকা থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞ ভেটেিরিনারি সার্জন।
শনিবার দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পূর্ব সুন্দরবনের সরকির খাল এলাকায় গিয়ে একটি বাঘকে ফাঁদে আটকে থাকতে দেখেন।
রোববার সকালে সুন্দরবনের বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, 'মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।'
তিনি বলেন, 'বাঘটিকে উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন রোববার যেকোনো সময় মোংলায় পৌঁছানোর কথা রয়েছে। পৌঁছালেই উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধারে ট্যাংকুলাইজার ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হলে প্রায় আধা ঘণ্টা বাঘটি অচেতন থাকবে। ওই সময় ফাঁদ কেটে বাঘটিকে মুক্ত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
জেইউ/এমএ