নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ভোরে গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনে একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মো. রিপন মিয়া (২৫) উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি সরকারি (বিএডিসি) সেচ মটরের বৈদ্যুতিক খুঁটি রয়েছে, যেখানে তিনটি ট্রান্সফরমার স্থাপন করা ছিল। খুঁটিতে ওঠার লোহার রড ঘটনাস্থলে পাওয়া গেছে। নিহতের দুই হাত বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে গেছে এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ট্রান্সফরমার খুলতে গিয়ে আহত হওয়ার পর তাকে সঙ্গে থাকা চোর চক্রের সদস্যরা পাশের একটি জমিতে নিয়ে গিয়ে হত্যা করে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এইচকে/ এসআর