বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে আমরা প্রকৃত অর্থেই শক্তিতে রূপ দিতে চাই। তবে সেই শোককে দলীয় স্বার্থে বা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করার মতো সংকীর্ণ মানসিকতা আমাদের নেই। আমরা এই শোকের শক্তিকে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চাই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার মনোনয়নের বিষয়টি যেহেতু তার অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে, তাই সেখানে বিকল্প প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্ত বাছাইয়ের পর যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।
নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সে ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নেই।
তারেক রহমান সম্পর্কে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, তার কোনো বিকল্প নেই। যত শোকই হোক জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে।
এছাড়াও এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নেই বলে জানান তিনি।
এসআর