২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। অপরদিকে, কোটালীপাড়ায় তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বুধবার রায়ের খবর শুনেই জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সেখানে মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস করা হয়।
অন্যদিকে, কোটালীপাড়া উপজেলায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
এ সময় রাস্তার দু'পাশে যানজটের সুষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তারেক জিয়ার ফাঁসি দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন।
-এমএইচএম/এমএ