
বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণভাবে সাতক্ষীরার ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর প্রমূখ।
এবারের মেলায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টল। পলাশপোল স্কুলের আশপাশে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান।
তবে, এবারের মেলায় জুয়া, হাউজি, লটারী, র্যাফেল ড্র, লাকি কূপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে মাসব্যাপী এ মেলা চলবে।
মেলার পরিবেশ ভাল থাকলে মেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
তবে, এবারের মেলায়ও থাকছে না সার্কাসের আয়োজন।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সময়ে রাতে স্টেডিয়ামে সার্কাস প্যান্ডেলে এবং শহরের রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে ৩ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনার পর কয়েক বছর মেলার কার্যক্রম বন্ধ থাকলেও পর্যায়ক্রমে তা আবারও শুরু হলেও গুড়পুকুরের মেলার সেই পুরানো যৌলুস আর ফেরেনি।
-এমজেডআর/এমএ