
ভোলার বোরহান উদ্দিনে “মেঘনা রিভার ইকোপার্ক” এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়ন নবনির্মিত এ পার্কটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি।
আজ থেকে পার্কটির জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
উদ্বোধন শেষে সাংসদ আলী আজম মুকুল বলেন, 'বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের আগুন-সন্ত্রাস আর ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে বাংলার জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণ বিচ্ছিন্ন হয়ে বিএনপি বিদেশীদের দুয়ারে দুয়ারে এতিমের মতো ঘুরছে।'
বিদেশীদের দুয়ারে না ঘুরে সকল ক্ষমতার উৎস বাংলার জনগণের কাছে অতীত কর্মকাণ্ডের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে বলেন তিনি।
সাংসদ আলী আজম মুকুল বলেন, 'বিদেশীরা ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় বসতে হলে এ দেশের জনগণের রায় লাগবে।'
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস, পক্ষিয়া ইউপির চেয়ারম্যান নাগর হাওলাদারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর “মেঘনা রিভার ইকো পার্ক” এর নবনির্মিত অবকাঠামো পরিদর্শন করেন এমপি।
-এএম/এমএ