তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’। গত এক দশকে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। নিয়মিত কনসার্ট ও স্টেজ শোতেও মাতিয়েছে শ্রোতাদের। তবে গত এক থেকে দেড় বছর ধরে ব্যান্ডটিকে আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। এর মধ্যেই এলো দলটির পথচলা থামানোর ঘোষণা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা ও গায়ক সিনা হাসান। তিনি জানান, আর বড়জোর ছয় মাস সক্রিয় থাকবে ‘বাংলা ফাইভ’। এরপর আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটি ভেঙে দেওয়া হবে।
সিনা হাসান লেখেন, ‘আমরা মনে করি, আমাদের যাত্রায় এবার ইতি টানার সময় হয়েছে। গত দুই বছরের পারফরম্যান্স এবং অডিয়েন্স এনগেজমেন্ট- কোনো কিছু নিয়েই আমরা নিজেরা সন্তুষ্ট নই। সুতরাং, এই মর্মে জানাচ্ছি যে, আমরা বড়জোর আর ছয় মাস অ্যাকটিভ থাকব। এরপর “বাংলা ফাইভ”কে আনুষ্ঠানিকভাবে ডিসব্যান্ড করে দেব। এরপর ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।’
সিনা আরও জানান, আগামী ছয় মাসে বড়জোর পাঁচ থেকে ছয়টি কনসার্ট করবে ‘বাংলা ফাইভ’। এরপর ব্যান্ডের সদস্যরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাবেন। তবে তিনি নিজে নতুন কোনো ব্যান্ড গঠন করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
২০১৭ সালে যাত্রা শুরু করে ‘বাংলা ফাইভ’। এ পর্যন্ত ব্যান্ডটি প্রকাশ করেছে দুটি স্টুডিও অ্যালবাম- ‘কনফিউশন’ ও ‘লুকিয়ে থাকার সময়’। এ ছাড়া রয়েছে তাদের লাইভ ইপি ‘আনপ্লাগড ফ্রম দ্য হিলস’।
ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কনফিউশন’ (তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি), ‘সন্ধ্যা নামায় রাখি’ ও ‘বাবা মায়ের পকেটে’। গানগুলোর মাধ্যমে শ্রোতাদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিল ‘বাংলা ফাইভ’।
-টিএস