ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিচ্ছেদের পরও থামেনি আইনি লড়াই, অবশেষে সমঝোতায় জোলি-পিট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মধ্যে ফ্রান্সের একটি ওয়াইনারির মালিকানা নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হয়েছে। আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেছেন তারা।

বুধবার (২৬ নভেম্বর) দুই তারকার প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, পরিবারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তারা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবেন না।

২০০৮ সালে ফ্রান্সের শাতো মিরাভাল ওয়াইনারির নিয়ন্ত্রণমূলক অংশীদারত্ব কেনেন জোলি ও পিট। ২০১৪ সালে ওই ওয়াইনারিতেই বিয়ে করেন তারা।

ওয়াইনারির মালিকানার অংশ বিক্রি নিয়ে ২০২২ সালে তাদের মধ্যে আইনি বিরোধ শুরু হয়। ব্র্যাড পিটের অভিযোগ ছিল, তার অনুমতি ছাড়াই নিজের অংশ রাশিয়ার ধনকুবের ইউরি শেফলারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন জোলি। পিটের দাবি, তাদের মধ্যে চুক্তি ছিল, একে অপরের অনুমতি ছাড়া কেউ নিজের মালিকানার অংশ বিক্রি করতে পারবেন না।

অন্যদিকে, জোলি পাল্টা মামলায় ২০১৬ সালে ব্যক্তিগত বিমানে ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পথে পিটের বিরুদ্ধে তাকে ও সন্তানদের শারীরিক ও মৌখিকভাবে নির্যাতনের অভিযোগ তোলেন। বিমানে পিট মদ্যপ অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের ওপর মদ ঢেলে দেন বলেও অভিযোগ করেন তিনি। তবে ওই ঘটনায় পুলিশের তদন্তের পর পিটের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন।

দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পর গত বছরের শেষ দিকে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এবার ওয়াইনারি নিয়ে চলমান বিরোধও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলো। তবে রুশ ধনকুবেরের মালিকানাধীন পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টোলি গ্রুপের সঙ্গে ব্র্যাড পিটের আইনি বিরোধ এখনো চলমান রয়েছে।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিংয়ে পরিচয় হয় জোলি ও পিটের। পরে সম্পর্কে জড়ান তারা। সংবাদমাধ্যমে তাদের জুটি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিতি পায়। তাদের ছয় সন্তান রয়েছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝