ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো সংকট কাটেনি তার। নিউমোনিয়ায় আক্রান্ত এই অভিনেতাকে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার নাট্যদল আরণ্যক নাট্যদল। সেখানে বলা হয়েছে, আগের তুলনায় কিছুটা ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি।

নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।’

নিউমোনিয়ার পাশাপাশি তার ফুসফুসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সুস্থ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে আরণ্যক। একই সঙ্গে মামুনুর রশীদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া, ভালোবাসা ও শুভকামনা চেয়েছে নাট্যদলটি।

এর আগে গত ২৫ নভেম্বর দিনগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে টানা চারদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকরা তার অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।

এর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মামুনুর রশীদ। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন এই অভিনেতা।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা পরিচয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও সংস্কৃতিকর্মীরা।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝