হাতে আছে পাঁচ সপ্তাহ। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের নিউ ইয়ার টেস্ট অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে। সেই ভেন্যুতেই বিপজ্জনক পিচের কারণে বাতিল হলো ম্যাচ। প্রথম দিন ১৪ উইকেট পতনের পর ওয়েস্টার্ন প্রভিন্স কোবরাস এবং টাইটান্সের ম্যাচটি দ্বিতীয় দিনের সকালে বাতিল করা হয়েছে।
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ কর্মকর্তারা অসমান বাউন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে খেলা বন্ধ করে দেন। গুড লেংথের বলও কখনো অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠছিল।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচে ব্যবহৃত পিচটি নিউল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্ধারিত উইকেট নয়। এটি পরিবর্তনযোগ্য পিচও নয়। পিচের এমন আচরণের কারণ জানতে তদন্ত চলছে।
ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউপিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুই দল, ম্যাচ কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার হতাশার বিষয়টি তারা বুঝতে পারছে। তবে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বছর তিনেকেরও কম সময়ের মধ্যে নিউল্যান্ডসের পিচে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি মাত্র ১০৭ ওভারেই শেষ হয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ভেন্যুতে বড় ধরনের নির্মাণকাজের কারণে ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তন হয়ে পিচের ওপর প্রভাব পড়তে পারে।
এদিকে দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয়বার পিচ নিয়ে উদ্বেগের ঘটনা। গত সপ্তাহে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় মাঠে টাইটান্স ও ওয়ারিয়র্সের ম্যাচ বিপজ্জনক পিচের কারণে বিলম্বিত হয়েছিল। পরে পর্যাপ্ত রোদে পিচের অবস্থা স্বাভাবিক হলে খেলা শুরু হয়।
এসএ