ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হচ্ছে মুশফিকের টেস্ট অধ্যায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একটি দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, ক্রিকেটের ঐতিহাসিক তীর্থস্থান লর্ডসে। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ার। সময়ের ব্যবধানে বদলেছে অনেক কিছু, বদলেছে বাংলাদেশের ক্রিকেটের চিত্রও। তবে ব্যাট হাতে লড়াই করার মানসিকতায় কখনো ভাটা পড়েনি মুশফিকের। এবার সেই দীর্ঘ লড়াইয়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটসম্যান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন মুশফিক। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার। সিরিজের প্রথম টেস্টটিই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন মুশফিক।

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বাংলাদেশের টেস্ট ম্যাচ। শনিবার দেশে ফেরার কথা থাকলেও দুই দিন আগেই দেশে ফিরতে হয় দলকে। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরটিই তাই মুশফিকের শেষ বিদেশ সফর হয়ে থাকল। তবে বিদায়ের মঞ্চ হিসেবে দেশের মাটিকেই বেছে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

মুশফিকের বিদায়ের গল্পে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কটি বেশ প্রতীকী। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। তখন তিনি ছিলেন তরুণ, সামনে পড়ে ছিল দীর্ঘ ও অনিশ্চিত এক পথ। সেই পথ পেরিয়ে ৩৯ বছর বয়সে এসে একই প্রতিপক্ষের বিপক্ষেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।

অবশ্য বিদায়ের জন্য আরও একটি বিশেষ সুযোগ ছিল মুশফিকের সামনে। আগামী বছরের মে মাসে লর্ডসে বাংলাদেশের একটি টেস্ট খেলার কথা রয়েছে। চাইলে ক্যারিয়ারের শুরু যেখানে, সেই ঐতিহাসিক মাঠে ফিরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন তিনি। কিন্তু সেই অপেক্ষায় না থেকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করেই থামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

লর্ডসে শুরু, ইংল্যান্ডের বিপক্ষেই শেষ- মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তিটা তাই হয়ে উঠতে যাচ্ছে এক আবেগঘন ও প্রতীকী অধ্যায়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝