শীত এখনও পুরোপুরি জেঁকে না বসলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে অতিথি পাখির আনাগোনা। ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাছের ডালে ডালে আর জলাশয়ের আশপাশে পাখিদের কোলাহলে মুখর হয়ে উঠছে ক্যাম্পাস। তাদের আগমন যেন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে।
প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সাইবেরিয়া, রাশিয়া, ফিনল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার নীল আকাশ পেরিয়ে আসা এসব অতিথি পাখির ডানার শব্দ আর কলতানে প্রাণ ফিরে পাচ্ছে ক্যাম্পাসের প্রকৃতি। দূরদেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা পাখিদের উপস্থিতি যেন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সৃষ্টি করেছে এক উৎসবমুখর পরিবেশ।
গাছগাছালিতে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বছরই নানা প্রজাতির পাখির বিচরণে মুখর থাকে। তবে শীত মৌসুমে স্থানীয় পাখিদের পাশাপাশি দূরদেশ থেকে আসা পরিযায়ী অতিথিদের উপস্থিতি ক্যাম্পাসের পরিবেশে যোগ করে ভিন্ন মাত্রা। হিমেল বাতাস, সকালের শিশির, কুয়াশার চাদর আর পাখিদের কিচিরমিচির মিলিয়ে এ সময় ক্যাম্পাস হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
প্রকৃতির নিজ হাতে সাজানো এই অনিন্দ্য দৃশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেন পরিণত করে এক বিশাল পাখির অভয়ারণ্যে। গাছের ডালে ডালে পাখিদের বিচরণ, জলাশয়ে তাদের অবাধ চলাফেরা আর আকাশজুড়ে উড়ে বেড়ানোর দৃশ্য ক্যাম্পাসের সৌন্দর্যকে নতুন করে তুলে ধরে। যেখানে শীত মানেই রঙ, সুর আর উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত মেলা।
শীতের পুরো আমেজ এখনও ছড়িয়ে না পড়লেও অতিথি পাখিদের আগমনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিতে ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আবহ। তাদের বিচরণে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এক স্নিগ্ধ, শান্ত ও নান্দনিক পরিবেশ—যা প্রকৃতিপ্রেমীদের কাছে শীতের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর শীত মৌসুমে হিমালয়ের উত্তরে প্রচণ্ড শীত নামতে শুরু করে। ফলে উত্তরের শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল ও ভারতে প্রচুর তুষারপাত হয়। শীতের তীব্রতা সইতে না পেরে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় হাজার হাজার পরিযায়ী পাখি ঝাঁক বেঁধে উড়ে আসে দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ দেশ বাংলাদেশেও। দেশের যেসব এলাকায় এসব পাখি আসে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের পেছনের পুকুর, তাপসী রাবেয়া ও রহমতুন্নেছা হলের পেছনে ফিশারিজ বিভাগের গবেষণা পুকুরসহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জলাশয়ে আসর বসিয়েছে অতিথি পাখিরা। আকাশজুড়ে পাখিরা উড়ে বেড়াচ্ছে। কলকাকলিতে মেতে উঠছে। পাখিদের কলকাকলি, ঝাঁকে ঝাঁকে বিচরণ আর খুনসুটিতে মুখর হয়ে উঠছে পুরো ক্যাম্পাস।
পাখি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ্ রেজা বলেন, নভেম্বরের শেষ দিকে পাখিগুলো এখানে আসে। আগের বছরের চেয়ে এবার পাখির সংখ্যা বেশি অনেকেই ঢিল ছুঁড়ে উড়ন্ত পাখির ছবি তুলছে। এতে পাখিরা বিরক্ত হচ্ছে। পাখিদের অভয়ারণ্য না দিতে পারলে তারা আর আসবে না।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে পাখি হত্যা নিষিদ্ধ। তাদের কোনো ধরনের ভয়-ভীতি দেখানো যাবে না। পরিযায়ী পাখির অবাধ বিচরণে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।