ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়ে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোরের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা আটজন ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা সবাই অসচ্ছল পরিবারের সদস্য। জীবিকার সন্ধানে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতে গিয়েছিলেন।
ভারতের তামিলনাড়ু রাজ্য ও কলকাতার দমদম এলাকায় বিভিন্ন কাজে যুক্ত হন তারা। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।
বর্তমানে আটজনকে জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এফএস