নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। শুক্রবার সকালে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে মরানদীর মরাঘাট সংলগ্ন একটি বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
নিহত সিয়াম হোসেন মান্দা উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে ভ্যান নিয়ে বের হন সিয়াম। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তার খোঁজ করলেও সন্ধান পাননি। পরদিন সকালে বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এসসি/ এফএস