দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এ সময়ে সবচেয়ে বেশি ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ২৬৬ জন মারা গেছেন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
এসএস