ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা-মে ২০২৬-এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া নবীন চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া, উৎসাহিত করা এবং চিকিৎসা শিক্ষায় মেধার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মাননা আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ মেধার স্বীকৃতি ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সহ সারাদেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও হাসপাতালটির অন্যতম বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল; ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল; গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার।
এ ছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু। গণমাধ্যমের পক্ষে বক্তব্য দেন এটিএন বাংলার সিইও ও উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।
বক্তারা নিজেদের বক্তব্যে আয়োজনটিকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে মেধাবী নবীন চিকিৎসকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া চিকিৎসকরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান পাওয়া চিকিৎসকেরা হলেন—
১ম: ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ), প্রাপ্ত নম্বর ১,৩৩৭।
২য়: ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ), প্রাপ্ত নম্বর ১,৩৩৪।
৩য়: ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ), প্রাপ্ত নম্বর ১,৩০৮।
৪র্থ: ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ), প্রাপ্ত নম্বর ১,২৯২।
৫ম: ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ) এবং ডা. মো. তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), উভয়ের প্রাপ্ত নম্বর ১,২৯০।
৭ম: ডা. নামান মুখিজা (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ), প্রাপ্ত নম্বর ১,২৮৯।
৮ম: ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ), ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ) এবং ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)। তিনজনেরই প্রাপ্ত নম্বর ১,২৮৮।
হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা পাওয়া ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে ক্রেস্ট, মেডেল, সনদ, যুক্তরাষ্ট্রে তৈরি লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় মেধা ও অর্জনের স্বীকৃতি দিতে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখা হবে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা শান্তা জাহান। আয়োজনের সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।
এসএস