এভারকেয়ার হসপিটাল ঢাকায় জটিল গাইনোকোলজিক্যাল সমস্যায় আক্রান্ত ৪৪ বছর বয়সী নুরুন নাহার চৌধুরীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নুরুন নাহার ১০ নভেম্বর এভারকেয়ার হসপিটাল ঢাকায় ভর্তি হন। তাঁর আগে একাধিকবার সিজারিয়ান অস্ত্রোপচার এবং জরায়ু অপসারণের ইতিহাস ছিল। পরীক্ষায় দুই ডিম্বাশয়-সংলগ্ন স্থানে জটিল পিণ্ড শনাক্ত হয়। পাশাপাশি রক্তে ক্যানসার-সম্পর্কিত টিউমার মার্কার সিএ-১২৫-এর মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
১১ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নাজমা সিদ্দিকীর নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এ সময় এক্সপ্লোরেটরি ল্যাপারোটমির মাধ্যমে পেটের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরে দুই পাশের ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করা হয়। পিণ্ডের প্রকৃতি তাৎক্ষণিকভাবে জানতে ফ্রোজেন সেকশন বায়োপসি এবং আগের অস্ত্রোপচারের কারণে পেটের ভেতরে তৈরি হওয়া টিস্যুর সংযুক্তি অপসারণে অ্যাডহিশিওলাইসিস পদ্ধতি প্রয়োগ করা হয়।
চিকিৎসকেরা জানান, আগে একাধিকবার অস্ত্রোপচার হয়ে থাকলে পেটের ভেতরে বিভিন্ন অঙ্গ ও টিস্যুর মধ্যে অস্বাভাবিক সংযুক্তি তৈরি হতে পারে। এতে পরবর্তী অস্ত্রোপচার জটিল হয়ে ওঠার আশঙ্কা থাকে। তাই রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
অস্ত্রোপচারের পর নুরুন নাহারের শারীরিক অবস্থা সন্তোষজনক ছিল। তাঁর অস্ত্রোপচার-পরবর্তী সময় স্বাভাবিকভাবে কেটেছে এবং উল্লেখযোগ্য কোনো জটিলতা দেখা যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এভারকেয়ার হসপিটাল ঢাকার অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নাজমা সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসক দল এ অস্ত্রোপচার সম্পন্ন করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নারীদের বিভিন্ন জটিল স্বাস্থ্যসমস্যার মূল্যায়ন, রোগ নির্ণয় ও চিকিৎসায় তাদের বিশেষজ্ঞ দল কাজ করছে।
-টিএস