নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।
এরই ধারাবাহিকতায় ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অধিক সময় ব্যয় করছে। ফলে পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা ও কল্পনাশক্তির বিকাশে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বই পড়ার সুযোগ পাবে এবং তাদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ তৈরি হবে।
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’কে শুধু বই পড়ার স্থান নয়, বরং শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার সঙ্গে জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
-টিএস