চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি মিজ এলসবেথ সম্ভারগার্ড ক্রোন। ২৪ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ৯টায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
লালদিয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। পরে তাঁরা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় মিজ এলসবেথ ক্রোনকে প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পরিদর্শন শেষে তিনি প্রকল্পের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।
সফরকালে স্টেট সেক্রেটারি ক্রোনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মি. মিলান ক্রিস্টোফার ঝা।
প্রতিনিধিদলটি প্রকল্প এলাকার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ এই সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্পের কৌশলগত মাইলফলক নিয়ে আলোচনা করেন। এ সময় এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএস-এর পরিচালক জনাব ইসরাফিল কাইয়ুম খাঁন, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন।
এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং আঞ্চলিক সমুদ্রবাণিজ্যকে আরও গতিশীল করবে।
পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্যে টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহব্যবস্থা গড়ে তুলতে এতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে।
এ ছাড়া ডেনিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারত্বে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিফলন।
প্রকল্পের সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্টেট সেক্রেটারি এলসবেথ ক্রোনের এই সফর আন্তর্জাতিক দক্ষতা, প্রযুক্তি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়নে ডেনমার্কের অব্যাহত সহযোগিতা ও প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে।
-টিএস