গণতন্ত্রের নামে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও জানমালের ক্ষতিসাধন কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী গোষ্ঠী অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যারা এসব ষড়যন্ত্রে জড়িত, তাদের সতর্ক হতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীর খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন, তার স্থান বাংলাদেশে নেই। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। হাসিনার বিচার তো হয়েছেই, তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও সাবধান করে দিচ্ছি—আপনারা আর ষড়যন্ত্রের দিকে এগোবেন না।’
তিনি আরও বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বিএনপির নেতাকর্মীরা কখনো আইন নিজের হাতে তুলে নেন না।
গোপালগঞ্জ, ভান্ডারিয়া ও নেছারাবাদসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন সতর্ক রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপিকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে সোহেল মনজুর বলেন, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।