সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের উদ্ধারে নেমে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫)। তিনি বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে। অপরজন স্কুলছাত্র আরাফাত সরদার (১৬), একই গ্রামের মনি পাড়ের ছেলে।
স্থানীয়রা জানান, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনার পর উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ও জামাল হোসেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরেয়া গ্রামের তরিকুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁর অসুস্থতার চিৎকার শুনে পাশে থাকা স্কুলছাত্র আরাফাত সরদার তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামেন। পরে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।
খবর পেয়ে হোসেন আলী ও জামাল হোসেন ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন। এ সময় তাঁরাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমজেডআর/আরএন