ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন স্থানে গুলিবর্ষণ, নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
X

খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেলায়েত হোসেন সড়ক, মোহাম্মদিয়া এলাকা এবং একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে এসব গুলি ছোড়া হয়। প্রকাশ্য দিবালোকে একের পর এক এমন সশস্ত্র হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো নগরীতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের প্রথম গুলিবর্ষণের ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে খুলনা সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই দরজায় লাগে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত রয়েছেন।

পুলিশের তথ্যমতে, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী ‘আশিক গ্রুপ’-এর প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন দুপুরে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদিয়া এলাকায় দ্বিতীয় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে টুটুল নামে এক ব্যক্তির বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়লেও এতে কেউ হতাহত হননি। হামলার সময় টুটুলও বাড়িতে উপস্থিত ছিলেন না।

দিনের তৃতীয় ও সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি ঘটে বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত ‘দ্য পালংকি’ রেস্টুরেন্টে। জানা গেছে, চাঁদা দাবির হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে রেস্টুরেন্টটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। অবশেষে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বাইরে থেকে রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে দুর্বৃত্তরা বাইরে থেকে রেস্টুরেন্টটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি গিয়ে প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে।

তিনি আরও জানান, চাঁদাবাজদের ভয়ে বন্ধ থাকা রেস্টুরেন্টটি পুলিশের নিরাপত্তার আশ্বাসে ওই দিনই পুনরায় চালু করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

নগরীর তিনটি পৃথক স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বেড়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝