ছাত্র-জনতার দুনিয়া কাঁপানো ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে প্রবল প্রতিরোধের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। লাখো মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করে। কিন্তু অভ্যুত্থানের দুই বছরেরও বেশি সময় পরও দেশের গোপালগঞ্জ জেলায় বারবার যেসব সহিংসতা, নাশকতা ও সশস্ত্র শক্তি প্রদর্শনের ঘটনা ঘটছে, তা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
গোপালগঞ্জ যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র ও সহিংস অংশের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটেছে এই জেলায়। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে কোনো একটি জনপদে এভাবে বারবার সংঘবদ্ধ সহিংসতার ঘটনা ঘটতে থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—সেখানে কি রাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে?
একটি সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে সত্যকে স্বীকার করতে না পারা। গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতি ঘটতে পারে। কিন্তু সমস্যা তখনই গুরুতর হয়ে ওঠে, যখন জনগণের প্রত্যাশা ও বাস্তবতাকে উপেক্ষা করে দায়িত্বশীল ব্যক্তিরা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেন। এতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় না; বরং বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যখন দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও প্রশাসনিক দুর্বলতার মতো সমস্যাগুলো অকপটে স্বীকার করছেন, তখন মন্ত্রিসভার সদস্যদেরও সেই বাস্তবতা উপলব্ধি করা উচিত। সমস্যাকে অস্বীকার করে নয়, সমস্যার মুখোমুখি হয়েই একটি সরকার তার সক্ষমতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়।
গোপালগঞ্জের পরিস্থিতি বুঝতে হলে ৫ আগস্ট-পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনার পতনের দিন থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি অংশ তাঁকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। ৭ আগস্ট টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথও নেন। রাজনৈতিকভাবে কোনো নেতার প্রতি আনুগত্য প্রকাশ করা এক বিষয়, আর সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। পরবর্তী ঘটনাপ্রবাহে এই সীমারেখা বারবার অতিক্রমের অভিযোগ উঠেছে।
২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে, তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। সমাবেশের মঞ্চ, এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালানো হয়। সংঘর্ষ ও গুলির ঘটনায় পথচারীসহ পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি, পরে কারফিউ এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালনার প্রয়োজন হয়। এনসিপি নেতাদের বিশেষ পাহারায় খুলনায় সরিয়ে নিতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কোনো দলের নেতাকর্মীদের যদি এমন নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়, তাহলে সেই জনপদে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের অবস্থা কী?
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর সদর ও শিবচরসহ আশপাশের এলাকাতেও উত্তেজনা ও নাশকতার খবর পাওয়া গেছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ধর্মঘটকে কেন্দ্র করেও গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্যের অভিযোগ ওঠে।
১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিনভর বিক্ষোভ ও শক্তি প্রদর্শন পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, ট্যাটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও সমাবেশের খবর প্রকাশিত হয়েছে। এ সময় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। গোপালগঞ্জ সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করা হয়। টুঙ্গিপাড়া থানার একজন উপপরিদর্শকের ওপর হামলা এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগও সামনে এসেছে। এমনকি পার্শ্ববর্তী পিরোজপুর জেলাতেও এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগের রাতেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে বিজিবি মোতায়েন করতে হয়েছে।
জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জুলাই অভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ঘটায়নি; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নাগরিক অধিকার, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধের নতুন অধ্যায় তৈরি করেছে। সেই অভ্যুত্থানের স্মৃতিচিহ্নে আঘাত করা মানে শুধু কিছু স্থাপনা ভাঙচুর করা নয়, বরং নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিই অবমাননা প্রদর্শন করা। যারা জনগণের রক্তে অর্জিত পরিবর্তনের স্মারক ধ্বংস করতে চায়, তারা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না।
একটি রাজনৈতিক দল জনগণের সমর্থন, আদর্শ, নেতৃত্ব ও নির্বাচনী গ্রহণযোগ্যতার মাধ্যমে টিকে থাকে। কিন্তু রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার পরও যদি কোনো গোষ্ঠী অস্ত্রের মহড়া, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়, তাহলে বুঝতে হবে তারা স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতার পথ থেকে সরে গেছে। জনগণের সমর্থন অর্জনের পরিবর্তে আতঙ্ক সৃষ্টি করাকে যারা রাজনৈতিক শক্তির পরিচয় মনে করে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই এতে প্রকাশ পায়।
গত ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই। গোপালগঞ্জে তাদের সহিংস কর্মকাণ্ডকে তিনি দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। বক্তব্যটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে সরকারের দায়িত্বশীলদের মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গোপালগঞ্জে বারবার এমন পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে কারা, তাদের শক্তির উৎস কোথায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগাম ব্যবস্থা নিতে পারছে না—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের চিহ্নিত কিছু নেতাকর্মী গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। তবে অপরাধের দায় কোনো জেলার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রশাসন, পুলিশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিশেষ করে পুলিশের কিছু প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের কিছু কর্মকর্তার প্রভাব নিয়েও বিতর্ক ছিল। কিন্তু এসব অভিযোগের দায় কখনোই গোপালগঞ্জের সব মানুষের ওপর চাপানো যায় না। অপরাধী যে জেলারই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জের কোনো নিরপরাধ নাগরিক যেন রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য বা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
সর্বশেষ সহিংসতার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কিন্তু কর্মকর্তা বদলি করাই কি সমস্যার সমাধান? আগে থেকে উত্তেজনা ও হামলার আশঙ্কার তথ্য থাকার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া যায়নি, গোয়েন্দা তৎপরতায় কোথায় ঘাটতি ছিল, কারা সংঘবদ্ধভাবে সহিংসতা চালানোর সুযোগ পেল—এসব বিষয় তদন্তের আওতায় আনতে হবে। একটি জেলায় বারবার একই ধরনের ঘটনা ঘটলে সেটিকে আর বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়ানোর সুযোগ নেই। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাসও দিয়েছেন তিনি। এখন প্রয়োজন এই আশ্বাসের বাস্তব প্রতিফলন।
পরিশেষে বলতে চাই, গোপালগঞ্জের মানুষ সন্ত্রাসের জনপদে বসবাস করতে চান না। তাঁরা চান নিরাপত্তা, স্বাভাবিক জীবন, কর্মসংস্থান, উন্নয়ন এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। আওয়ামী লীগের উগ্র ও সহিংস অংশের কর্মকাণ্ডের কারণে একটি জেলার কোটি মানুষের ঐতিহাসিক পরিচয় ও সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে না। একই সঙ্গে রাজনৈতিক আবেগের অজুহাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় দেওয়ারও সুযোগ নেই। সরকার যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে গোপালগঞ্জে আইনের শাসন দৃশ্যমানভাবে প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হবে বিচারের ভিত্তি। মনে রাখতে হবে, যে রাষ্ট্র তার একটি জেলাতেও আইনের শাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রা কখনোই পুরোপুরি নিরাপদ হতে পারে না।
সুতরাং, গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়স্থল নয়, বরং শান্তি, নিরাপত্তা ও নাগরিক মর্যাদার জনপদ হিসেবে প্রতিষ্ঠা করাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।