ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘বহুত্ববাদ’ বা শিরকের ইঞ্জিনিয়ারিং কি?
✎ এ ইউ দৌলা
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যে কোনো স্থাপনা-সেটা হোক প্রাচীন পিরামিড, কোনো দীর্ঘ সেতু কিংবা আধুনিক আকাশচুম্বী ভবন-তার কাঠামোগত বিন্যাসে প্রধানত দুটি মূল অংশ থাকে। প্রথমটি হলো মাটির গভীরে প্রোথিত থাকা ভিত্তি, যাকে বলা হয় সাবস্ট্রাকচার (Substructure); আর দ্বিতীয়টি হলো সেই ভিত্তির ওপর মাথা তুলে দাঁড়ানো দৃশ্যমান ওপরের অংশ, যাকে বলা হয় সুপার স্ট্রাকচার (Superstructure)।
 
রাষ্ট্র ও সমাজ জীবনের প্রতিটি স্তরেও ঠিক এই দ্বিমুখী কাঠামো কাজ করে। যে কোন সমাজ কাঠামোর বেইস বা সাবস্ট্রাকচার হলো এর অর্থব্যবস্থা; আর সেই অর্থনৈতিক ভিত্তির ওপরই গড়ে ওঠে সমস্ত রাষ্ট্রীয় নিয়ম, আইন, শিক্ষাব্যবস্থা, বাজারব্যবস্থা, স্বাস্থ্য ও সংস্কৃতির মতো নানা সুপার স্ট্রাকচার। একইভাবে, মানবজীবনের অন্যতম প্রধান চালিকাশক্তি যে ধর্ম, তারও রয়েছে নিজস্ব সাব ও সুপার স্ট্রাকচার।
 
ইঞ্জিনিয়ারিংয়ের এই রূপকটিকে সমাজব্যবস্থায় প্রয়োগ করলে দেখা যায়, সমাজের প্রতিটি মানুষের সামগ্রিক ও সর্বোচ্চ কল্যাণই হলো যেকোনো ধর্মের মূল লক্ষ্য ‘বেইস বা সাবস্ট্রাকচার’। আর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ধর্ম মানুষের সমগ্র জীবনকে যে প্রাতিষ্ঠানিক, আদর্শিক ও সাংস্কৃতিক বিন্যাসে পরিচালনা করে, সেটাই তার ‘সুপার স্ট্রাকচার’। এর মধ্যে পাপ-পুণ্যের ধারণা, নৈতিকতার আদর্শ, আচার-অনুষ্ঠান, ধর্মীয় আইন এবং খাদ্যাভ্যাস বা পোশাকের মতো রীতিনীতিগুলো সেই সুপার স্ট্রাকচারের একেকটি উপরিগত অংশ। কিন্তু সমাজ, রাষ্ট্র ও ধর্মের আরও গভীরে প্রবেশ করলে দেখা যায়, যেকোনো ধর্মের মূল সুপার স্ট্রাকচার মাত্র একটিই-একত্ববাদ অথবা বহুত্ববাদ।
 
তবে বিষয়ের আরও গভীরে যাওয়ার আগে ‘বিশ্বাস’ শব্দের অর্থ গভীরভাবে বুঝে নেওয়া দরকার। সাধারণত আমরা মনে করি, বিশ্বাস হলো কোনো কিছুকে মনে মনে সত্য বলে উপলব্ধি করা, যেন বিশ্বাস হল কোন কিছুর বিষয়ে সত্য জ্ঞান রাখা। আমরা মনে করি, বিশ্বাস আর কর্ম যদিও একে অপরের সাথে সম্পর্কিত কিন্তু তারা একই বিষয় নয়; তাই কারো হয়ত বিশ্বাস আছে, কিন্তু সেই অনুযায়ী তিনি জীবনযাপন করতে পারেন কিংবা নাও করতে পারেন। এটাই বিশ্বাস শব্দের প্রচলিত অর্থ।
 
কিন্তু এই আলোচনায় বিশ্বাস বলতে ভিন্ন একটি বাস্তবতাকে বোঝানো হয়েছে। বিশ্বাস কোনো নিস্ক্রিয় মানসিক অনুভূতি নয়; বিশ্বাস সেটাই যা আমরা আমাদের জীবন যাপনে মেনে নিই, যা আমরা অলঙ্ঘ্য নিয়ম বলে মেনে নিয়ে সেই অনুযায়ী পথ চলি।
 
চলুন একটা উদাহরণ ব্যবহার করে বিষয়টা স্পষ্ট করা যাক। ধরুন, আপনি দাবা খেলতে বসেছেন। এর অর্থ হলো, আপনি দাবা খেলার নির্দিষ্ট নিয়মগুলোকে মেনে নিয়েছেন-যেখানে একজন রাজা আছে এবং তার বিশেষ ক্ষমতা রয়েছে, মন্ত্রী, হাতি, ঘোড়া ও নৌকা রয়েছে এবং প্রত্যেকেরই নির্দিষ্ট চাল ও ক্ষমতা রয়েছে। আপনি যখন খেলতে বসেছেন, তখন চাইলেই দাবার সেই নিয়ম বদল করতে পারবেন না; এই খেলায় আপনাকে ঐ নির্দিষ্ট নিয়মের মাঝেই খেলতে হবে। ঠিক একইভাবে, আপনি যখন ক্রিকেট খেলতে মাঠে নামেন, তখন  ক্রিকেট খেলার যে নিয়ম, সেই নিয়ম মেনে নিয়েই আপনাকে মাঠে পারফর্ম করতে হয়। আপনি যদি ফুটবল বা বেইস বল খেলতে নামেন তবে সেই নির্দিষ্ট খেলার নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ে খেলতে হবে। এই যে নিয়ম মেনে নেওয়া, যে নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না - সেটাই হল বিশ্বাস বা মেনে নেওয়া।
 
এবার চলুন দেখি সমাজ বা রাষ্ট্র জীবনকে যদি একটি খেলার মাঠের সাথে তুলনা করি তবে এই খেলায় যে নিয়ম আমরা অনুসরণ করি সেখানে রয়েছে একটি সুপার স্ট্রাকচার, এটি হতে পারে একত্ববাদী সুপারস্ট্রাকচার অথবা বহুত্ববাদী স্ট্রাকচার।
 
এবার একত্ববাদ ও বহুত্ববাদ নামক স্ট্রাকচার দুটির স্বরূপ আরও পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। মানুষের চিন্তা, জীবনযাপন ও সমাজ পরিচালনার ক্ষেত্রে এই দুটি ধারা সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে:
 
বহুত্ববাদ (Polytheism):

এখানে মেনে নেওয়া হয় যে ঈশ্বরই স্রষ্টা, এবং তিনি মহাশক্তিময় সত্ত্বা। কিন্তু ঈশ্বরের বিশেষ দূত, ঈশ্বরের আত্মীয় কোন দেবদেবী কিংবা ঈশ্বরের পছন্দের কিছু মানুষও বিশেষ শক্তি ও ক্ষমতার অধিকারী। বহুত্ববাদ এমন একটি কাঠামো যেখানে ক্ষমতা, মর্যাদা এবং কল্যাণের উৎস কেবল ঈশ্বর একা নিয়ন্ত্রণ করেন না, বরং তা কিছু মনোনীত মানুষের মাঝেও বিভক্ত। দাবা খেলার কথা ভাবুন, সেখানে খেলার বোর্ডে বিশেষ বিশেষ গুটির বিশেষ বিশেষ ক্ষমতা মেনে নিয়েই তৈরি হয়েছে এই খেলা; বহুত্ববাদ যেন সেই দর্শন যেখানে ক্ষমতার বিকেন্দ্রি করণকে মেনে নিয়ে গেইমটি সাজানো।

এই নিয়মে সমাজের বিভিন্ন মানুষের থাকে ভিন্ন ভিন্ন ক্ষমতা। আর এই নিয়মের মাঝে বাস করা মানুষেরা সকলেই সেই খেলার অংশ যারা মেনে নিয়েছেন অর্থাৎ বিশ্বাস করেছেন যে তারা বহুত্ববাদী খেলাটা খেলবেন। তারা মেনে নিয়েছেন যে, যার যত ক্ষমতা তাঁরই তত বেশি মর্যাদা ও সম্মান। এই দর্শনের ফলে সমাজে ক্ষমতা ও মর্যাদার একটি স্তরভিত্তিক পিরামিড তৈরি হয়। ফলস্বরূপ, বহুত্ববাদী সমাজে যার যত বেশি ক্ষমতা তার তত বেশি সম্মান, বেশি অধিকার এবং সমাজ ও রাষ্ট্রে তার উচ্চতর অবস্থান।
 
একত্ববাদ (Monotheism):

একত্ববাদ হলো এমন একটি সুনির্দিষ্ট জীবনদর্শন যেখানে সমাজের সদস্যগণ মেনে নেন যে, সমস্ত ক্ষমতা, সমস্ত মর্যাদা এবং সমস্ত কল্যাণের উৎস কেবল এবং কেবল একজন ঈশ্বর এবং যার কোন অংশীদার নেই। তারা মানেন যে, সব ক্ষমতা কেবল ঈশ্বরের, তাঁর কোন আত্মীয় বা অংশীদার নেই। এর মানে হল ঈশ্বরের ক্ষমতায় অন্য কারো বিন্দুমাত্র কোন অংশ নেই; কোন দেবদেবী নেই, কোন অবতার নেই, কোন আত্মীয় নেই এবং কোন মানুষকেও তিনি কোন ক্ষমতা অর্পণ করেন নাই। দাবা খেলার বোর্ডের সাথে তুলনা করলে, এটা এমন নিয়ম যেখানে সব গুটির মুল্য, মর্যাদা, ক্ষমতা সমান এবং কারো কোন বিশেষ শ্রেষ্ঠত্ব নেই। খেলার প্রয়োজনে সেখানে নানা স্থানে নানা গুটিগুলো অবস্থান করছে এবং তারা কেবল নিজ নিজ কাজ বা দায়িত্ব পালন করে চলেছে।
 
বহুত্ববাদী ও একত্ববাদী সমাজের ডিজাইন

সমাজকে একটি বিশাল ‘গেম প্লান’ বা খেলার মাঠ হিসেবে কল্পনা করুন। ধরুন, এক দল মানুষ একত্রে একটি সবচেয়ে কল্যাণমুখী সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেন। তারা এমন একটি রাষ্ট্র গঠনের প্লান করলেন যে রাষ্ট্র প্রতিটি মানুষের জন্য সর্বোচ্চ কল্যাণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। সমাজ গঠনের এই খেলাটি পরিচালিত হতে পারে কেবল দুটি ভিন্ন নিয়ম বা সুপার স্ট্রাকচারের যেকোন একটির ভিত্তিতে-বহুত্ববাদ অথবা একত্ববাদ:
 
বহুত্ববাদের গেম প্লান ও তার ফলাফল

এই মডেলে খেলোয়াড়েরা মেনে নেন যে, ঈশ্বর আমাদের স্রষ্টা হলেও ক্ষমতা ও মর্যাদার কিছু কিছু মানুষের মাঝেও রয়েছে; তাই এখানে ক্ষমতার পিরামিড তৈরি করাটাই খেলার নিয়ম। তাই ক্ষমতার সেই পিরামিডে থাকে রাজা, মন্ত্রী, সেনাপতি এবং আরও নানা স্তরের নানা মাপের ক্ষমতাবান মানুষ আর এই নিয়মের সব শেষে থাকে জনগণ।
 
যেহেতু এই খেলার মূল নিয়মই হলো ক্ষমতা ও পদের স্তর বিন্যাস এবং বেশি ক্ষমতা মানেই বেশি মর্যাদা, তাই মাঠে নামার পর থেকেই শুরু হয় তীব্র ও অন্তহীন প্রতিযোগিতা। প্রত্যেকে অন্যের চেয়ে ওপরে ওঠার জন্য দিনরাত পরিশ্রম করেন, তারা সৃজনশীল হন এবং একই সাথে তারা অত্যন্ত কৌশলী ও চতুর হয়ে ওঠেন। বহুত্ব বাদী সমাজে শুধু কিছু মানুষের থাকে বড় বড় অট্টালিকা, সুন্দর প্রাসাদ; সেখানে জাকজমক আর জৌলুস ফুটে ওঠে কিন্তু একই সাথে এই প্রতিযোগিতার অনিবার্য পরিণতিতে রাষ্ট্রের অধিকাংশ সম্পদ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়। সমাজে দেখা দেয় চরম বৈষম্য-কিছু মানুষ অতিধনী হয়ে ওঠেন আর সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব ও প্রান্তিক হয়ে পড়েন। ক্ষমতার এই অদৃশ্য লড়াইয়ে দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি এবং নৃশংসতা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। এমনকি মানবিকতা, প্রেম ও মমতার মতো পবিত্র অনুভূতিগুলোও টাকার মূল্যে কেনাবেচা হতে থাকে। সমাজের সবার কল্যাণের চুক্তি নিয়ে যে মানুষ খেলা শুরু করেছিল, তাদের মাত্র কয়েকজনের হাতে সমাজব্যবস্থা বন্দি হয়ে যায় এবং বাকিরা ক্ষমতার জাঁতাকলে পিষ্ট হন। বহুত্ববাদের এই পরিনতি কোন নেতা, বা কোন ব্যক্তির ইচ্ছে অনিচ্ছে কিংবা কোন মানুষের ব্যক্তিগত চরিত্রের ভাল কিংবা মন্দের উপর নির্ভর করে না; এটা হল বিজ্ঞানের Cause and Effect সুত্রেরই ফলাফল।
 
একত্ববাদের গেম প্লান ও তার ফলাফল

পক্ষান্তরে, অন্য একটি দল যারা একত্ববাদের নিয়মে সমাজ গড়ার গেম প্লান তৈরি করলেন। তাঁরা খেলার শুরুতেই এই নিয়ম মেনে নিলেন যে, সমস্ত ক্ষমতার মালিক কেবল একজন ঈশ্বর; মানুষের ব্যক্তিগত বা স্বতন্ত্র কোনো ক্ষমতা নেই। তাই মানুষ হিসেবে প্রত্যেকেই সমান মানবিক মর্যাদার অধিকারী-এখানে কেউ কারও চেয়ে বড় বা ছোট নয়।
 
তাহলে এই সমাজ পরিচালিত হবে কীভাবে? তাঁরা নিয়ম করলেন যে, সমাজের বিভিন্ন স্তরে নাগরিকদের কেবল যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে নির্দিষ্ট ‘দায়িত্ব’ দেওয়া হবে। যাঁরা দায়িত্ব পাবেন, তাঁরা কোন ক্ষমতার মালিক হবেন না; বরং তাঁরা হবেন কেবল দায়িত্বশীল বাহক। এই নিয়মে যদি কেউ নিজে থেকে ক্ষমতা পাওয়ার লোভ বা আকাঙ্ক্ষা করে, তবে তাকে সেই দায়িত্ব থেকে দূরে রাখা হবে। এখানে খেলাটির মূল মন্ত্র ক্ষমতা নয়, বরং দায়িত্ব; ব্যক্তিগত বড়াই নয়, বরং সমান মানবিক সম্মান ও পারস্পরিক সহযোগিতা।
 
ফলে, যেহেতু এখানে কেউ ক্ষমতার মালিক নয় এবং মর্যাদার কোনো প্রতিযোগিতা নেই, তাই সমাজের মানুষেরা নিজেদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার ইঁদুরদৌড় থেকে মুক্ত থাকেন। যদিও এই মানুষেরা অতিমাত্রায় বস্তুগত প্রতিযোগিতায় না নামার কারণে কিছুটা কম সৃজনশীল হতে পারেন, কিন্তু তাঁদের সমাজে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সাম্য, সুশাসন এবং নিরাপত্তা সুদৃঢ় হয়। মানুষ তখন ক্ষমতার লড়াইয়ে লিপ্ত না হয়ে একে অপরের ভরসা ও নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে।
 
এবার নিজেকেই প্রশ্ন করুন-বর্তমান পৃথিবীতে ঠিক কত শতাংশ মানুষ একত্ববাদী আর কত শতাংশ মানুষ বহুত্ববাদী ব্যবস্থা মেনে নিয়ে বা বিশ্বাস করে জীবন যাপন করছেন?
 
(মাইন্ড-ইঞ্জিনিয়ারিং বিষয়ের গবেষক)

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝