ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার নামে সড়ক করতে উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি যুক্তরাষ্ট্রে সম্মানজনকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির শিকাগো শহরের একটি সড়কের নাম তাঁর নামে রাখার প্রস্তাব উঠেছে সিটি কাউন্সিলে।

প্রস্তাবটি অনুমোদন পেলে শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের নির্দিষ্ট একটি অংশের নামকরণ করা হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত সড়কটির পূর্ব পাশের অংশ এই নামের আওতায় আসবে।

এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অধ্যাদেশ শিকাগো সিটি কাউন্সিলে উত্থাপন করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি। কাউন্সিলে প্রস্তাবটি পাস হলে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেই নামকরণ কার্যকর হবে।

প্রস্তাবের পক্ষে দেওয়া যুক্তিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং জনসেবায় তাঁর অবদানকে সম্মান জানানোর বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া নারীশিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ, বিশেষ করে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

প্রস্তাবনায় তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই এই নামকরণের উদ্যোগ।

প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

সবকিছু ঠিক থাকলে শিকাগোর একটি সড়কের নামের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর নাম। তবে এ জন্য এখন সিটি কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

    এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝