প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন-৩’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘কিক টু উইন’ স্লোগানকে সামনে রেখে গত ১৫ ও ১৮ নভেম্বর সান ভ্যালি স্পোর্টস ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এসব পর্বের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় ‘ইকোনমিক্স থান্ডার্স’ ও ‘ইংলিশ ভ্যালরস’। ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। শেষ পর্যন্ত ইকোনমিক্স থান্ডার্স জয়লাভ করে।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহ ও সমর্থন জানান। ১২টি দলের অংশগ্রহণে পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, দলীয় মনোভাব এবং আন্তবিভাগীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়মিত এ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। প্রথম আসর থেকেই এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অন্যতম প্রতীক্ষিত আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, বিভাগীয় ক্লাব কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।