মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১১ দফা নির্দেশনা হলো- ১. ডিমান্ড লেটারে উল্লিখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।
২. প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিবেদন অনলাইনে পাঠাতে হবে।
৩. মেডিকেল পরীক্ষার সব প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কোনো অর্থ মালয়েশিয়াগামী কর্মীর কাছ থেকে আদায় করা যাবে না।
৫. একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৬. বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত সব খরচও বহন করতে হবে ওই মেডিকেল সেন্টারকে।
৭. প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।
৮. ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।
৯. কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০. নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। টিমটি কঠোরভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
১১. প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।
-টিএস