সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন ধরে চলা আন্দোলন ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ সিদ্ধান্ত এলো। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামেও স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না করা হলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে।
এদিকে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অনেকে। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে চলমান রাজনৈতিক উত্তেজনা, ক্যাম্পাসে মিছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এফএস