দেশের চার জেলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিত্যক্ত বাড়ি এবং আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর ও সিরাজগঞ্জে এসব ঘটনা ঘটে।
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় রাত ৯টার দিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় অগ্নিসংযোগ করা হয়েছিল।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশ কোনো খবর পায়নি বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হাজী বাদাস রোডে রাত সাড়ে ৮টার দিকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনে মশালমিছিল নিয়ে যান ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকে আগুন জ্বালানোর পাশাপাশি ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে সেখানে তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো নাশকতা চালাতে না পারেন, সেই বার্তা দিতেই বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যরা দেশের বাইরে রয়েছেন। ওই দিন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পিরোজপুরের নাজিরপুরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা চালায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তাঁর আরেকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
অন্যদিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় একই সড়কে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ দুটি স্থানে এর আগেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে বুধবার ভোরে শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসএস