রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের টানা এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণ করতে সারাদিন সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, সাততলা বস্তিতে শতাধিক নিম্নআয়ের মানুষের বসবাস। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এফএস